গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু
সাবেক এক কাউন্সিলর জানান, রোববার বিকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে ঘুরতে বের হন।
গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন।
গাজীপুর মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের (হাতিয়াবো) সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, গত রোববার মহানগরীর হাতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: শ্রীপুরের বরমী এলাকার সিটপাড়া গ্রামের মুন্সিবাড়ির সামাদের ছেলে জাহিদ হাসান (২৩) ও তার বন্ধু আকাশ (২৪) । তবে আহত যুবকের (আনুমানিক বয়স ২২) নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, রোববার বিকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে ঘুরতে বের হন। এক পর্যায়ে হাতিয়াবো এলাকা দিয়ে গাজীপুর শহরের দিকে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আকাশ।
গাজীপুর সদর থানার এসআই মোহাম্মদ বায়োজিদ জানান, জাহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে আকাশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আহত যুবক কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
