বরিশালে টাকা আত্মসাতে দণ্ডিত গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মী
বরিশালে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের টাকা আত্মসাতের দুই মামলায় এক সাবেক কেন্দ্র ব্যবস্থাপকের ১০ বছর কারাদণ্ড হয়েছে।
পাশাপাশি এ দুই মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া মামলা দুটির একটিতে এক লাখ এবং অপরটিতে দুই লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানাও করা হয়।
বরিশাল বিভাগীয় বিশেষ জজ মেহেদী আল মাসুদ এ রায় দেন বলে জানান ওই আদালতের পিপি বিপ্লব কুমার রায়।
দণ্ডিত মুহাম্মদ সাইফুল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া দেওপাশার প্রয়াত মুহাম্মদ আফতার আলী সিকদারের ছেলে।
বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি বরিশালের উজিরপুর থানার বামরাইলে গ্রামীণ ব্যাংক শাখার কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
রায় ঘোষণার সময় মুহাম্মদ সাইফুল ইসলাম এজলাসে উপস্থিত ছিলো।
পিপি বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বামরাইল শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রতারনা ও দুর্নীতির মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক দুইটি মামলা করে দুদক। দুইটি মামলার দুই ধারায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান, বামরাইল গ্রামীণ ব্যাংকের শাখায় ২০১০ সালের ৫ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে ৭৩ জন সদস্যের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন সাইফুল।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন ২০১৪ সালের ২ জুলাই একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. নাজমুল হাসান তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
অপরদিকে ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৩৭ জন সদস্যের ৯৮ হাজার ৫৯৪ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন সাইফুল ইসলাম। এ ঘটনায়ও দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন ২০১৪ সালের ২ জুলাই আরেকটি মামলা করেন।
এ মামলায়ও ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. নাজমুল হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় ঘোষণা শেষে সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে।
