সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, তরুণ গ্রেপ্তার
থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের আদেশে সোমবার তাকে কারাগারে পাঠানো হয় বলে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান।
গ্রেপ্তারকৃত মহিউদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন তিনি।
পরিদর্শক মেহেদী হাসান জানান, সম্প্রতি তেলের দাম নিয়ে মান্না টিকটিকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ স্থানীয় ছাত্রলীগ নেতাদের। এক ছাত্রলীগ নেতা রোববার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে বিয়ানীবাজার থানায় মামলা করেন তার বিরুদ্ধে।
মামলার পর রোববার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
