গোপালগঞ্জে জমজমাট শতাধিক লক্ষ্মী প্রতিমার হাট
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী তুষ্ট হলে ধন, সম্পদ ও ফসলে ধরণী পরিপূর্ণ হয়ে ওঠে।
লক্ষ্মী পূজাকে সামনে রেখে গোপালগঞ্জে শতাধিক লক্ষ্মী প্রতিমার হাট বসেছে। প্রতিটি হাটেই কেনাবেচা ভালো হওয়ায় মৃৎ শিল্পীদেরও আয় বেড়েছে। জেলার পাঁচ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা মূলত এসব হাটের ক্রেতা।
গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক বলেন, রোববার গোপালগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বী অন্তত তিন লাখ বাড়িতে উৎসব মুখর পরিবেশে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। এই পূজাকে কেন্দ্র করে জেলার শতাধিক স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসেছে। প্রতিটি হাটেই ‘প্রচুর’ প্রতিমা কেনাবেচা হচ্ছে।
আশ্বিনী পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরেই লক্ষ্মী দেবীর পূজা হয়। তিনি তুষ্ট হলে ধন, সম্পদ ও ফসলে ধরণী (পৃথিবী) পূরিপূর্ণ হয়ে ওঠে বিশ্বাস থেকেই লক্ষ্মীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ বছর লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে রোববার।
রোববার সকাল থেকে রাত ২টা পর্যন্ত কোজাগরী লক্ষ্মী পূজার সময় রয়েছে জানিয়ে গোপালগঞ্জ বাজার কালীবাড়ির পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী বলেন, “ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। এই পূজায় আমাদেরও সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। পূজায় প্রতিটি গৃহস্থের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। সেই সঙ্গে বিশ্ব ধন-ধান্যে পরিপূর্ণ হওয়ার প্রার্থণা করি।”
লক্ষ্মী প্রতিমার হাট বসেছে গোপালগঞ্জ শহর, সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, গান্ধিয়াশুর, সাহাপুর, উলপুর, কাজুলিয়া, কাঠি, সুকতাইল, বড়ফা, জালারবাদ, গোপিনাথপুর, কাশিয়ানী উপজেলা সদর, ভাটিয়াপাড়া, রামদিয়া, সিঙ্গা, হাতিয়াড়া, জয়নগর, ওড়াকান্দি, মাহমুদপুর, রাতইল, মুকসুদপুর উপজেলা সদর, জলিপাড়, উজানী, কাটিকামারী, মহারাজপুর, দিগনগর, টেকেরহাট, রাগদী, গোহালা, ননীক্ষীর, কাশালিয়া, মোচনা, কালিনগর, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, ঘাঘর বাজার, কলাবাড়ি, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড় ও হিরণ, টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া, গোপালপুর, বর্ণি, পাটগাতী, বাঁশবাড়িয়া, পাকুরতিয়াসহ শতাধিক স্থানে।
কোটালীপাড়া উপজেলার রাঢ়ীর বিল গ্রামের মৃৎশিল্পী অজিত পাল বলেন, “উপজেলার অন্তত ২০টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসে। আমাদের পূর্বপুরুষেরা এসব হাটে প্রতিমা বিক্রি করেছেন। আমরাও প্রতিমা তৈরি করে হাটগুলোয় বিক্রি করি।
“এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ পূজা অনুষ্ঠিত হয়। এ কারণেই প্রতিটি হাটেই প্রতিমার ব্যাপক চাহিদা রয়েছে। হাটে আমাদের নির্মিত প্রতিমাও বেশ বিক্রি হয়। ফলে এ সময় আমাদের আয়ও ভালো হয়।”
কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের প্রতিমা ক্রেতা ব্যবসায়ী আনন্দ দাস বলেন, “লক্ষ্মী দেবী তুষ্ট হলে সংসারের অভাব অনটন দূর হয়। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। প্রতিমার হাটেও প্রচুর প্রতিমা বিক্রি হয়। আমরা বংশ পরম্পরায় এসব হাট থেকেই প্রতিমা ক্রয় করে আসছি।”
কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, কোটালীপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে কেন্দ্র করে পাঁচ দিন আগে থেকে প্রায় ২০ স্থানে প্রতিমার হাট বসে। সেখানে উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা প্রতিমা কেনাকাটা করেন।
