গাইবান্ধায় সরকারি গুদাম থেকে ৮৯ টন খাদ্যশস্য গায়েব
গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্যগুদাম থেকে প্রায় ৮৯ মেট্রিকটন খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাছাড়া তার বিরুদ্ধে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করে তা দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি ওই গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি হয়ে আসেন পারভেজ হোসেন। গত ১৭ অগাস্ট তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
পারভেজ হোসেন বলেন, “সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে গত ১৮ অগাস্ট আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তখন মালামালের হিসাবে অসংগতি ধরা পড়ে। প্রায় ৮৯ মেট্রিকটন খাদ্যশস্য পাওয়া যাচ্ছে না।”
এ ঘটনায় জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে সাঘাটার ইউএনও সরদার মোস্তফা শাহীন থানায় অভিযোগ দেন।
শাহীন বলেন, “সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজছে।”
সাঘাটা থানার ওসি মতিউর রহমান বলেন, “সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে পাওয়া অভিযোগটি বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।”
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অন্তরা মল্লিককে এর জন্য দায়ী করেছেন অনেকে।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, “অন্তরা মল্লিক জেলার খাদ্যগুদামগুলো নিয়মিত পরিদর্শন করেন না। তার দায়িত্বে অবহেলা স্পষ্ট হয়ে উঠছে।”
অন্তরা মল্লিকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
গাইবান্ধার ডিসি ওয়ালিউর রহমান বলেন, “সরকারি খাদ্যগুদাম থেকে সংরক্ষিত মালামাল উধাও হওয়ার সুযোগ নেই। তারপর তদন্তে খাদ্য ঘাটতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়ীদের খুঁজে বের করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।।”
