২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বোরহানউদ্দিনের ওসিকে নির্দেশ দিয়েছেন।

ভোলার এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বরিশালে আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য আবেদন দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 07:49 PM

Updated : 18 Jun 2023, 07:49 PM

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির ফোনালাপ ভাইরাল হওয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আবু তাহের এ নালিশি অভিযোগ দায়ের করেন বলে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন জানান।

তিনি উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বিবাদী সাংবাদিক মোহাম্মদ আবু তাহের নিজেকে সংসদ সদস্য আলী আজম মুকুলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয় এমপির কোনো প্রশ্রয় না পেয়ে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার গত ৩ জুন হোয়াটস অ্যাপে ভিডিও কলে আবু কালাম আজাদ নামে একজনের সঙ্গে কথা বলার সময় এমপিকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।” 

মোহাম্মদ আবু তাহের জানান, এমপির অনুমতি পেয়ে গত ১৭ জুন বোরহানউদ্দিন থানায় মামলা করতে গিয়েছিলেন তিনি। কিন্ত পুলিশ তাকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। তাই তিনি আদালতে নালিশি অভিযোগ দিয়েছেন।