২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

আহত দুইজনের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন।

ট্রাকের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 11:18 PM

Updated : 19 Feb 2023, 11:18 PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও দুইজন আহত হয়েছেন।

রোববার বিকালে রাজাবাড়ী এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন। 

নিহত আবু সাঈদ ওসামা (২২) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নগরের মতিহার থানার বুধপাড়া এলাকার আবদুস সালামের ছেলে তিনি। 

আহত দুজন হলেন এলিম ইসলাম (২২) ও সাগর আহমেদ (২৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি কামরুল ইসলাম বলেন, গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই শিক্ষার্থীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“মোটরসাইকেলে থাকা তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

Image

আবু সাঈদ ওসামা

তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, “আমাদের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্টে মারা গেছে এমন খবর জানার সাথে সাথেই আমি মেডিকেলে যাই। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন।

“নিহত শিক্ষার্থীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ নিয়েছে। আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।”