গাইবান্ধায় হরতালের সমর্থনে পিকেটিং, ৫ বাস-ট্রাক ভাঙচুর
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান পলাশবাড়ীর ওসি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপির ডাকা হরতালে মহাসড়কে পিকেটিং করেছে সমর্থনকারীরা। এ সময় একটি বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি বালীবাহী ড্রাম ট্রাক ভাঙচুর করা হয়।
মঙ্গলবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
দুপুরে হরতালের সমর্থনে তারা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ সময় নেতা-কর্মীরা বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস, রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি বালুবাহী ড্রাম ট্রাক ভাঙচুর করে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।”
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন বলেন, “দুর্বৃত্তরা ট্রাক ও বাসের সামনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
