হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
পুলিশ জানায়, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে হাওরে ধানের জমিতে হালচাষ করছিলেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান ।
মৃতরা হলেন- উপজেলার ভুলারজুম গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪০) এবং রূপাসপুর গ্রামের বাসিন্দা প্রসু দেবনাথ (৪০)।
স্থানীয়দের বরাতে ওসি হিল্লোল বলেন, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু ঘটনাস্থলেই মারা যায়।
“পরে স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
