কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল ৬টার দিকে লদাখাল এলাকার পশ্চিম মাইজপাড়ার তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হুসাইন জানান।
তিনি বলেন, “লাইনের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বাসায় গ্যাসের অক্ষত সিলিন্ডারও পাওয়া গেছে।”
দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হুসাইন বলছেন, তাদের মধ্যে তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে ভর্তি করা হয়েছে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মনোয়ারার শরীরের ২ শতাংশ, জিলের ৫৪ শতাংশ, হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
