লক্ষ্মীপুরে জোড়া খুনে অংশ নেয় ‘অন্তত ৪০ জন’
এই মামলায় গ্রেপ্তার দেওয়ান ফয়সাল ও আলমগীর আদালতে জবানবন্দি দিয়েছেন।
লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতার হত্যাকাণ্ডে অন্তত ৪০ জন অংশ নিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
এই হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি দেওয়ান ফয়সাল ও আলমগীরের স্বীকারোক্তির বরাতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের এ কথা জানান।
নিজ কার্যালয়ে পুলিশ সুপার বুধবার রাতে সাংবাদিকদের জোড়া খুনের বিষয়ে বলেন।
গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের পোদ্ধারবাজারে সাবেক যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়।
২৬ এপ্রিল রাতে নিহত নোমানের ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গ্রেপ্তার দেওয়ান ফয়সাল ও আলমগীর আদালতে জবানবন্দি দিয়েছেন।
তাদের জবানবন্দির বরাতে এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, প্রতিটি গ্রুপে ৭/৮ জন করে ৫টি গ্রুপে অন্তত ৪০ জন পোদ্দারবাজারের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়। এই ৪০ জনকে সহায়তা করার জন্য আরও কয়েকটি গ্রুপ পোদ্দারবাজারে অবস্থান করে। প্রত্যেক গ্রুপে ৪/৫টি করে আগ্নেয়াস্ত্র ছিল।
হত্যাকাণ্ডের আগে পোদ্দারবাজারের পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিলে ঘটনার দিন দুপুরে ১৮ নম্বর আসামি আলমগীরের বাড়িতে ৩ জন মিলে খুনের পরিকল্পনা করে বলে এসপি জানান।
“সেখানে সব ছক করে ঘটনার দিন সন্ধ্যায় নাগেরহাটের পাশে একটি খোলা মাঠে ৪০/৪৫ জন মিলে মিটিং করে। ৫টি গ্রুপ করে। প্রত্যেক গ্রুপকে ৪/৫টি করে আগ্নেয়াস্ত্র বিতরণ করেন এক ‘বড় ভাই’।”
এসপি বলেন, নোমানের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বাজারের বিভিন্ন পয়েন্টে হত্যাকারীরা অবস্থান নেয়। অপারেশন শেষ করে ‘কিলাররা’ নাগেরহাট দিয়ে ভাগ হয়ে স্থান ত্যাগ করে।
এই হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন
