২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় মিছিলে গুলি করে হত্যা: ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিন দিন আগে চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগের ওই কর্মী নিহত হন বলে জানায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।

বিজয় মিছিলে গুলি করে হত্যা: ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদরে চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় এক আসামিকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 05:00 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় প্রধান আসামিকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

শুক্রবার ভোরে নেত্রকোণার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার হাসান আল ফারাবী জয় (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন শোভনের সমর্থক হিসেবে পরিচিত।

নিহত আশরাফুল রহমান ইজাজ (২৩) কলেজপাড়ার আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ছিলেন। তিনিও চেয়ারম্যান পদে বিজয়ী শোভনের সমর্থক ছিলেন।

শনিবার বেলা ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, “বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ইজাজ খুন হয়। ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন।”

তিনি বলেন, ফারাবীর সঙ্গে ছাত্রলীগের কর্মী এজাজের পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় বিজয় মিছিলের সময় আবারও বিরোধ হয়।

ভোটের দিন ফারাবী শহরের একজনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে বিকালে ইজাজকে গুলি করেন বলে দাবি পুলিশ সুপারের।

গ্রেপ্তার অভিযানে যাওয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আফজাল হোসাইন বলেন, “ঘটনার পরপর ফারাবী তার পক্ষের সৌরভকে সঙ্গে নিয়ে শহর থেকে পালিয়ে যান। প্রথমে তিনি আশুগঞ্জে যান। সেখানে একটি ব্যাংকের বুথ থেকে ২৭ হাজার টাকা উত্তোলন করে তিন হাজার টাকা দিয়ে প্রাইভেটকার ভাড়া করে ময়মনসিংহ চলে যান।

“সেখানে সুবিধা করতে না পেরে পরবর্তীতে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে নেত্রকোণায় যান। বৃহস্পতিবার রাত ১১টায় ফারাবী তার চাচাত বোনের বান্ধবীর আত্মীয়ের বাসা আটপাড়ার কুতুবপুর গ্রামে যান।”

শুক্রবার ভোরে বোরখা পরে দালালের মাধ্যমে সীমান্ত হয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ফারাবীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

ফারাবীকে গ্রেপ্তারের আগের অভিযান নিয়ে আফজাল হোসাইন বলেন, “ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা তার বাসায় যাই। মাগরিবের নামাজের সময় বাসার কাজের মেয়ের কাছে ফোন করে ফারাবী তার স্ত্রী রিমির সঙ্গে কথা বলতে চান। 

“তখন তিনি প্রায় ৩০ মিনিট স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেই ফোনের সূত্র ধরে ফারাবীকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়।”

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন শোভন জয়ী হয়েছেন এমন খবরে তার সমর্থকরা মিছিল বের করেন।

শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে বের হওয়া মিছিলটি কলেজপাড়ায় গেলে গুলি করা হয়। এ সময় ছাত্রলীগ কর্মী ইজাজ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর ‘বিজয় মিছিলে’ গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

চতুর্থ ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা