২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়ায় ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2023, 05:56 PM

Updated : 21 Mar 2023, 05:56 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার দুপুর দেড়টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান। 

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী ১৩ নম্বর আশ্রয় শিবিরের জি-৪ ব্লকের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে মো. রফিক (৩০) এবং একই এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ রফিক (৩৪)। 

আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৮) হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দুপুরে বালুখালী ১৩ নম্বর আশ্রয় শিবিরে জি-৪ ব্লকে তিনজন একটি ঘরে ছিলেন। এ সময় ১৫ থেকে ২০ মুখোশধারী সেই ঘরে প্রবেশ করে কয়েকটি গুলি করে। এতে মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ রফিক (৩৪) ঘটনাস্থলে নিহত হন। বাকি দুজন আহত হন। 

খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের দুইটি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বাঁচা মিয়ার ছেলে মো. রফিককেও (৩০) মৃত ঘোষণা করেন।    

আহত মোহাম্মদ ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। তবে কারা, কী কারণে ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনও নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।” 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।