১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ২৫ দিনে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি মিনুর

“বাড়িতে নেতাকর্মীদের না পেলে পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। এমনকি বিএনপি নেতার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে পুলিশ।”

রাজশাহীতে ২৫ দিনে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি মিনুর

রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান মিনু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 04:16 PM

Updated : 25 Nov 2023, 04:16 PM

রাজশাহীতে ২৫ দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে এবং সেসব মামলায় এক হাজার ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত মহানগর ও জেলা বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

লিখিত বক্তব্যে মিনু বলেন, গত ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২৫ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১০টি থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫৪ জনকে।

এছাড়াও জেলার আটটি থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭১৮ জনকে।

পুলিশ এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দাবি করে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনু বলেন, প্রতিরাতেই দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি অভিযোগ করেন, “বাড়িতে নেতাকর্মীদের না পেলে পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। এমনকি বিএনপি নেতার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে পুলিশ। ”

যানবাহনে আগুন দেওয়া ও পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনার সঙ্গে তার দলের নেতাকর্মীরা জড়িত নয় দাবি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

পুলিশের গ্রেপ্তার অভিযান বন্ধসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করার দাবি জানান মিনু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

এছাড়াও সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থক ছয় আইনজীবী উপস্থিত ছিলেন।