১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে  জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক।

কুড়িগ্রামে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
মঞ্জুরুল আলম

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 12:15 AM

Updated : 26 Aug 2026, 10:22 AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি 

দেওয়া হয় বলে বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান।

বরখাস্ত মঞ্জুরুল আলম উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।

এর আগে বুধবার শ্লীলতাহানির অভিযোগ এনে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দেয়।

অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় বিদ‍্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। 

অভিযোগ থেকে জানা যায়, কয়েক দিন আগে শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে প্রাইভেট পড়তে যায় ওই বিদ‍্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। একা পেয়ে ছাত্রীটির শরীরে স্পর্শ করেন ও কুপ্রস্তাব দেন মঞ্জুরুল। এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন তিনি।

তবে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। 

পরে বিষয়টি অন্যরা জেনে গেলে বুধবার দুপুরে বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীরা ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে। 

এক পর্যায় মঞ্জুরুল আলমকে প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। 

পরে তাকে বিদ‍্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে জড়ো হয় শিক্ষার্থীরা।

পরে তারা প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রাথমিক সত‍্যতা পাওয়ায় শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।”

এ বিষয়ে মঞ্জুরুল আলমের মোবাইল ফোনে কল করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।