২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী ছিলেন। অপর একজন রাস্তা পারাপারের সময় ট্রলির চাপায় নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 12:11 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গোপালগঞ্জের দুই উপজেলায় দু্ই শিক্ষক ও এক শিক্ষার্থীসহ চারজনের প্রাণ গেছে।

শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে এবং গোপালগঞ্জ-চাপাইল সড়কের চাপাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  

নিহতরা হলেন-গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের কানাই লাল দাসের ছেলে ও শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক পিনাকী রঞ্জন দাস (৫৭), একই উপজেলার কড়িগ্রামের রেবতী মোহন সরকারের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবুল সরকার (৪৮), কাশিয়ানী উপজেলার পুঁইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২) এবং গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র রামিম শেখ (১০)।

তাদের মধ্যে পিনাকী রঞ্জন দাস তার কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. আল মাহামুদ বলেন, “একটি মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেন পিনাকী, বাবুল ও জুয়েল। পথে হরিদাসপুর এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।”

আহত অপর দুই শিক্ষক সঙ্কটজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, “শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চাপাইলে রাস্তা পারাপারের সময় মাটিটানা ট্রলির চাপায় রামিম মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।”

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রামিমের মৃত্যু হয় বলে জানান আনিচুর।  

আরও পড়ুন:

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২