সারাদিন খোঁজাখুঁজির পর ঘরেই মিলল শিশুর মরদেহ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামের বাড়ি থেকে শিশু রাহুল হোসেনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস।
রাহুল (১২) গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং কাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাত দিয়ে এসআই সুমন বিশ্বাস জানান, শনিবার সকালে রাহুলকে বাড়িতে রেখে তার মা সারজিনা বেগম ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরে বিছানা করার সময় সানজিনা ঘাটের নিচে ছেলেকে দেখতে পান। তখন তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং রাহুলকে মৃত অবস্থায় পান।
এসআই আরও জানান, “রাহুলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মরদেহের মুখে ও দাঁতে রক্ত, বাম হাতের কনুই এবং আঙ্গুলের পাশে ছ্যাঁচড়ে যাওয়ার দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
