১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে আহত ১২

আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 10:18 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে একটি বাসের ১২ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে নিমতলী যাত্রী ছাউনি এলাকায় মাওয়াগামী একটি বাসকে পিছনে থেকে অপর একটি বাস ধাক্কা দেয়। সেটি গিয়ে সড়কে নিরাপত্তায় থাকা একটি পেট্রল গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্ঘটনায় সুরভি পরিবহন নামের একটি বাসের ১২ যাত্রী আহত হয়েছেন।”

আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ কর্মকর্তা বলেন, “মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহন বাসের পেছন থেকে দ্রুতগতির সুরভি পরিবহন নামের একটি বাস ধাক্কা দেয়।

“এতে গ্রিন ঢাকা পরিবহনের সামনে থাকা পেট্রল গাড়িতে ধাক্কা দেয়, এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। সুরভি পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।” 

“দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,” বলেন হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।