২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভ্যুত্থানবিরোধী আওয়ামীপন্থি’ শিক্ষকদের বিচারে রাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

৭ অগাস্ট ‘অভ্যুত্থানবিরোধী আওয়ামীপন্থি’ ২১ শিক্ষকের নাম ব্যানার ঝুলিয়ে দেয় ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

‘অভ্যুত্থানে বিরোধিতাকারী আওয়ামীপন্থি’ শিক্ষকদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। 

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়। টানা পাঁচদিন স্বাক্ষর গ্রহণ চলবে বলে জানিয়েছে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে রেখেছিল। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা সহায়তা করেছে সেসব সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে আমরা এরই মধ্যে একাধিক কর্মসূচি পালন করেছি। 

“কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বজনপ্রীতির কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা শিক্ষার্থীদের মতামত জানতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি। আমাদের পরবর্তী পদক্ষেপ গণস্বাক্ষর কর্মসূচি শেষ হলে জানাব।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ বলেন, “গণঅভ্যুত্থানে সারা দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার-নিপীড়ন করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের দাবিতে আমরা গণস্বাক্ষর কর্মসূচি করছি।”

এর আগে ৭ অগাস্ট ‘অভ্যুত্থানবিরোধী আওয়ামীপন্থি’ ২১ শিক্ষকের নাম ব্যানার ঝুলিয়ে দেয় ছাত্রদল।