২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ১

সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা বলেন, “উত্তরকুল ভোট কেন্দ্রে প্রার্থীর এজেন্টরা নিজেদের মধ্যে মারামারি করে একজন আহত হয়েছেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

সিলেটের পানিবন্দি জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুরে উপজেলার উত্তরকূল ভোট কেন্দ্রে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসলিম জানান। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।

দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরানের এজেন্ট মাওলানা জাকারিয়া আহমদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বিলাল আহমদ ইমরান অভিযোগ করে বলেন, “বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। দুপুর ২টা পর্যন্ত খবর পেয়েছি, গৌছ আলী রসুলপুর স্কুলের ভোটকেন্দ্র, বাদেদেওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয় এবং তিরাশী ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা করছেন লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকরা।”

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী বলেন, “মাওলানা বিলাল আহমদ ইমরানের সমর্থকরা বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। আমার সমর্থকরা কাউকে বের করে দেয়নি।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা বলেন, “উত্তরকূল ভোট কেন্দ্রে প্রার্থীর এজেন্টরা নিজেদের মধ্যে মারামারি করে একজন আহত হয়েছেন। এ ছাড়া উপজেলার কোনো ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। সব কেন্দ্রে সবার এজেন্ট রয়েছেন।”