ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন ৯ গুণী ব্যক্তি
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার গুণীজন সংবর্ধনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশের নয়জন গুণী ব্যক্তিকে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পদক প্রদান করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার গুণীজন সংবর্ধনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পদক পেয়েছেন চিকিৎসায় ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, শিক্ষায় নর্থ সাউথ ইউনির্ভাটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সাংবাদিকতায় এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, সাহিত্যে কথাসাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইনশৃঙ্খলায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জামান, সঙ্গীতে কণ্ঠশিল্পী শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা আশীষ কুমার চক্রর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
