২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকাসক্ত’ ছেলেকে ত্যাজ্য ঘোষণা মুক্তিযোদ্ধা বাবার

ছেলেকে মাদক থেকে ফেরাতে ব্যর্থ হয়ে পরিবারের সবার মত নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সেই বাবা।

‘মাদকাসক্ত’ ছেলেকে ত্যাজ্য ঘোষণা মুক্তিযোদ্ধা বাবার

শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সহিদ উল্লা তপাদার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 10:24 PM

Updated : 22 Jul 2023, 10:24 PM

চাঁদপুরের ফরিদগঞ্জে আরিফ হোসেন নামে এক যুবককে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্লা তপাদার। 

ছেলে মাদকাসক্ত জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছেলের বিপথে যাওয়ার পেছনে

রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিহিংসাকে দায়ী করেছেন তিনি। 

শনিবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। 

লিখিত বক্তব্যে সহিদ উল্লা বলেন, “আমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে আমি আমার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিনাতিপাত করছি। 

“ফরিদগঞ্জ থানাধীন সরখাল কমিউনিটি ক্লিনিকে কর্মরত আমর মেজ ছেলে আরিফ হোসেন এলাকার কিছু বখাটে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সংস্পর্শে এসে মাদকাসক্ত হয়ে পড়ে।” 

আরিফকে মাদক সেবন থেকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন করতে এলাকার কিছু কুচক্রীমহল এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমার ছেলে আরিফ হোসেনকে তাদের দলে ভিড়িয়ে মাদকে আসক্ত করা এবং আমার পেছনে লেলিয়ে দেয়। 

“এক পর্যায়ে আমি পরিবারের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে মেজ ছেলেকে পরিবার থেকে পৃথক করে দেই। তাকে আমার স্থাবর-অস্থাবর সম্পদ থেকে কোনো হিস্যা না দিয়ে মৌখিকভাবে বাড়ির সবার সামনে ত্যাজ্য ঘোষণা করি।” 

গত ১৯ জুলাই ফরিদগঞ্জ পুলিশ আরিফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করার কথা জানিয়েছে।