২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণি কক্ষের পাশে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১২ শিক্ষার্থী

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে আহত নয় শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রেণি কক্ষের পাশে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১২ শিক্ষার্থী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের পাশে বজ্রপাতের পর আতঙ্ক।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 08:49 PM

Updated : 11 Oct 2023, 08:49 PM

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষের পাশে বজ্রপাতে এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলায় মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

আহতরা হলেন- ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মেহানি, ফাতিহা, দিবা, নাদিরা, তহুরা, তনিমা, মুনিয়া, তামিমা, কারিমা, মোহনা, নাদিয়া ও সাবিনা।

আহতদের মধ্যে নয় শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

ইউএনও মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে। এতে জানালার পাশে থাকা শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্রী আহত হয়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা সদর থেকে ওই বিদ্যালয়ে চিকিৎসক পাঠানো হয় বলে তিনি জানান।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সকালে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ জানালার পাশে বজ্রপাত হয়। এতে বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষকসহ ছয় জনের জ্ঞান ফিরলেও এক ঘণ্টার বেশি সময় পাঁচ শিক্ষার্থী অচেতন ছিল বলে জানান প্রধান শিক্ষক।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বজ্রপাতে আহত ছয় শিক্ষার্থীকে দুপুরে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই আশঙ্কামুক্ত।