লালমনিরহাট সীমান্ত দিয়ে আরও ৭ জনকে ‘পুশ ইন’
আটকরা খুলনার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে আরও সাতজনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে পাঁচ নারী ও দুইজন পুরুষ।
মঙ্গলবার ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হলে বিজিবি আটক করে বলে জানান পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
আটকরা হলেন- কাওছার আলী (৬৬), তার স্ত্রী মুন্নি খাতুন (৫০), খুরশিদ আলম (৫০), তার স্ত্রী তারা খাতুন (৪৫) এবং তাদের ১২, ১০ ও ৭ বছরের তিন মেয়ে। তারা খুলনার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার একটি মসজিদ থেকে সাতজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। অনেক আগে তারা ভারতে অবৈধভাবে গিয়েছিলেন বলে জানা গেছে।
বিজিবি জানায়, ভারতে অবস্থানকালে দেশটির পুলিশ তাদের আটকের পর বিএসএফের হাতে তুলে দেয়। পরে তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়।
ওসি মিজানুর আরও বলেন, “তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
এর আগে ১৪ জুন পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করে বিএসএফ। যাদের পরে আটক করে বিজিবি।
