Published : 14 Jun 2025, 07:48 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে আরও ছয়জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।
শনিবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে জানান শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান।
আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চেঙ্গেরবাড়ী সীমান্ত থেকে ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে পুশ ইন করেন।
পরে তাদেরকে আজিজপুর গ্রামের কমলার বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়।
খবর পেয়ে বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে জানান নায়েব সুবেদার জুবায়ের রহমান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কেউ ভারতীয় নাগরিক, কেউ বাংলাদেশি। তারা সবাই ভারতীয় চা বাগানে কাজ করতেন।”
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুশ ইনের ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।