১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিজিবি বলছে, গুলিতে আহত ব্যক্তি গরু পারাপারকারী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 01:35 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বিজিবি ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ময়নাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৪২ বছর বয়সী শহিদুল ইসলাম পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় লোকজন বলছে, ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। তার সঙ্গীরা উদ্ধার করে রাতই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছে।

সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, “বিএসএফের গুলিতে আহত ব্যক্তি গরু পারাপারকারী। এ ঘটনায় রোববার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।”