সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ২ ইউটিউবারকে এক মাসের জেল
কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইয়াবাসহ আটক দুই ইউটিউবারকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলা সদরের শ্যামলীপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলা সদরের নাগরোহা দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আশিক (১৯)।
এসআই আব্দুল হালিম বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ইউটিউবারকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে আশিকের কাছে ৩টি ইয়াবা পাওয়া যায়।
পরে তাদের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ সময় তাদের এক মাস করে কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন দিন কারাবাসে থাকতে হবে বলে জানান এসআই আব্দুল হালিম।
