নবাবগঞ্জে বিএনপির ১০৯ নেতাকর্মী মামলায়, গ্রেপ্তার ৭
গ্রেপ্তারদের মধ্যে তিনজন স্থানীয় ইউপি সদস্য রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নাশকতার অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির ১০৯ জন নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এ মামলায় সাতজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. রিপন (৩৯), সিদ্দিক (৪১), দ্বীপক ভূইয়া (৪৫), আশরাফ আলী ভুলু (৪৫), আছলাম (৪৫), আনোয়ার হোসেন (৫০) ও এমএ রশিদ (৬৫)।
এদের মধ্যে তিনজন স্থানীয় ইউপি সদস্য রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নয়ন নামে এক বিএনপিকর্মীর মৃত্যু ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার রাতে উপজেলার কলাকোপায় হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং ভাঙচুর চালান।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১০৯ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করে। এরপর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা, ভাঙচুর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের নামে মামলা হয়েছে, বলেন ওসি।
