২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিশু ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

২০২০ সালের ১৫ মার্চ রাতে ইমামের ডাকে শিশুটি মসজিদে গেলে তাকে ধর্ষণ করেন বোরহান।

চাঁদপুরে শিশু ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 07:17 PM

Updated : 10 Aug 2023, 07:17 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মসজিদের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাইদুল ইসলাম বাবু জানান।

দণ্ডপাওয়া মো. বোরহান উদ্দিন (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আকানিয়া গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

মামলার বরাতে পিপি সাইদুল বলেন, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া এক শিশুটিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য স্থানীয় মসজিদের ইমাম বোরহানের কাছে পাঠায় তার পরিবার। শিশুটি প্রতিদিন সকালে মসজিদে কোরআন শরীফ পড়তে যেত।

“ঘটনার দিন ২০২০ সালের ১৫ মার্চ রাতে বোরহান ওই শিশুটির বাড়িতে ফোন করে বলেন, ‘মসজিদ সংস্কারের জন্য স্থাপনা ভাঙবে মসজিদ কমিটি। তাই আপনার মেয়ে যেন তার কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে যায়।’

“রাতেই শিশুটি মসজিদে গেলে বোরহান তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানায়।”

পিপি আরও বলেন, তাৎক্ষণিক ঘটনাটি ওই শিশুর বাবা স্থানীয় ব্যক্তিদের জানান। পরে বিচার না পেয়ে ২১ মার্চ শিশুটির বাবা বোরহানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

একই বছর ৩০ জুলাই কচুয়া থানার তৎকালীন এসআই মো. জাহাঙ্গীর আলম তদন্ত শেষে বোরহানকে আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে আইনজীবী সাইদুল জানান।

পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম সাজা ভোগ করতে হবে বলে জানান পিপি।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী গোলাম রাব্বানী।