ঝালকাঠিতে ‘৯৬ বাবুই ছানা’ হত্যার চার দিনেও হয়নি মামলা
সরকারি গাছ কাটার মামলায় একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজন পলাতক আছেন।
ঝালকাঠি সদরে সরকারি জমিতে থাকা একটি তালগাছ কেটে ৯৬ ছানার মৃত্যু ও ডিম নষ্টের চার দিনেও প্রত্যক্ষ বা পরোক্ষ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে সরকারি গাছ কাটার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবুই ছানা হত্যা ও ডিম নষ্টের ঘটনায় উদ্বেগের পাশাপাশি জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন সামজিক, সংস্কৃতি ও পরিবেশবাদীরা।
এ ঘটনায় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা বরাবর প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে একটি মামলার আবেদন পাঠিয়েছেন ঝালকাঠি সদর উপজেলা বন বিভাগের ফরেস্টার আরিফুর রহমান। তবে সেটি এখনও বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়েই রয়েছে।
এর আগে শুক্রবার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে সরকারি জমিতে একটি তালগাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়। গাছটিতে বাসা বেধেছিল বাবুই পাখি। সেখানে পাখির ছানা ও ডিমও ছিল। স্থানীয় লোকজন অনুরোধ করলেও তা শোনা হয়নি। এতে পাখির ৪৭টি বাসা, ৯৬টি ছানা ও ২৪টি ডিম ধ্বংস হয়ে যায়।
ঘটনার দুই দিন পর রোববার সন্ধ্যায় স্থানীয় এক ইউপি সদস্য ঝালকাঠি সদর থানায় সরকারি গাছ কাটার অভিযোগে একটি মামলা করেছেন। তবে সেটিও নিয়ম অনুযায়ী এলজিইডির করার কথা ছিল।
অন্যদিকে এতগুলো পাখির ছানার মৃত্যু ও বাসা ধ্বংসের অপরাধে দোষীদের শাস্তির আওতায় আনতে প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে মামলা হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তবে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে করা মামলায় রোববার রাতে প্রধান আসামি মোবারক আলী ফকিরকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। মামলার পরপরই মোবারক ঝালকাঠি থেকে পালিয়ে পাশের জেলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি গ্রামে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
তবে মামলার তিন ঘণ্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় মোবারক আলীকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সেলিম মাহমুদ।
মোবারক আলী ছাড়া মামলার অন্য দুইজন আসামি হলেন- মিজানুর রহমান এবং ফারুক হোসেন।
গ্রেপ্তার মোবারককে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামের কৃষক মোবারক আলীর ধানি জমির পাশে শ্রীমন্তকাঠি থেকে বলারজোর এলজিইডি পাকা সড়কের পশ্চিমে দীর্ঘদিন ধরে একটি তালগাছ রয়েছে। গাছটিতে প্রায় অর্ধশত বাসা বানিয়ে বাবুই পাখি বাস করত।
ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদুর রহমান বলেন, “সরকারি জায়গার গাছগুলো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেখাশোনা করতাম। এর মধ্যে কোনও অনুমতি ছাড়া মোবারক আলী পিরোজপুরের ব্যবসায়ী মিজানুর রহমান এবং ফারুক হোসেনের দুটি গাছ বিক্রি করে দেন।
শুক্রবার বিকালে মোবারকের উপস্থিতিতে সেই তালগাছটি কেটে ফেলা হয় বলে জানান তিনি।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ৯৬টি মৃত ছানা, ৪৭টি ভাঙা বাসা এবং ২৪টি ডিম দেখতে পান বলে জানান ঝালকাঠি সদর উপজেলা ফরেস্টার আরিফুর রহমান।
তিনি বলেন, “আমরাত কোনো শাস্তি দিতে পারি না। মুখ্য বিচারিক হাকিম মামলা গ্রহণ করে বিচারিক প্রক্রিয়া শুরু করবেন। উপজেলায় এমন ঘটনা হলে আমরা পাঠাবো রেঞ্জ কর্মকর্তাকে, তিনি পাঠাবেন বিভাগীয় কর্মকর্তাকে, আর তিনি পাঠাবেন আদালতকে। আদালত গ্রহণ করা মাত্রই এটি চূড়ান্ত মামলা হিসেবে গণ্য হবে।”
হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ ঢাকা থেকে মোবাইলে জানান, গ্রেপ্তার মোবারক দুটি অপরাধ করেছেন। গাছ কেটে এবং এর কারণে পাখির ছানা মারা যাওয়ার অপরাধ। গাছ কাটার বিরুদ্ধে মামলাটি এলজিইডির করা উচিত ছিল। ইউপি সদস্য করায় মামলা এক সময় দুর্বল হয়ে যেতে পারে।
বন্যপ্রাণী হত্যায় ভূমিকা থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনেও মামলা হওয়া উচিত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “গাছ কাটা নিয়ে উচ্চ আদালত থেকে আমার রিট করা মামলার একটি রায় আছে। সেখানে বলা আছে, গ্রামের ব্যক্তিগত কারো গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে হবে না, কিন্তু সরকারি জায়গার গাছ কিংবা যদি রাস্তার পাশে সরকারের নির্দেশ মেনেও কেউ গাছ লাগায় সে ক্ষেত্রেও গাছ কাটতে অনুমতি নিতে হবে।
“এখানে অপরাধটা প্রাণিসম্পদ সংরক্ষণ আইনেও পরোক্ষভাবে পড়বে, যেহেতু পাখিদের বাসা ছিল। তবে সরকারি জায়গায় গাছ কেটা এটাই সুনির্দিষ্ট অপরাধ।”
ঝালকাঠির পরিবেশকর্মী জ্যেষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, দণ্ডবিধির ৪২৯ ধারা ছাড়া পশুপাখির কোনো ক্ষতি করলে শাস্তির বিষয়ে আর কোনো আইন নেই। এই ধারাটা জামিনযোগ্য। কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধের বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারে।
“পাখির ছানাগুলোর এমন মর্মান্তিক মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। আবার তালগাছ বজ্র নিরোধক। এ গাছ লাগানো ছাড়া এ গাছ কাটার কোনো সুযোগই নেই। এই গাছ উজাড় হয়ে যাওয়ায় বজ্রপাত বেশি হচ্ছে। তালগাছ কাটা একটা অপরাধ, পাখি মারা আর একটা অপরাধ।”
“এমনিতেই পোকামাকড় বেড়ে যাচ্ছে। প্রাকৃতিকভাবে নির্বিষ ফসল উৎপাদনের জন্য পাখি দরকার। পাখি না থাকলে চরমভাবে ব্যাহত হতে পারে ফসল উৎপাদন”, বলেন তিনি।
