০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংসের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

কেটে ফেলা তালগাছটির জায়গায় আরেকটি তালগাছের চারা লাগিয়েছে বনবিভাগ।

তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংসের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
গ্রেপ্তার মোবারক আলী ফকির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

তালগাছ কেটে বাবুই পাখির বাসা, ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় ঝালকাঠিতে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় এক জনপ্রতিনিধির করা মামলায় তাকে গ্রেপ্তারের তথ্য সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

গ্রেপ্তার মোবারক আলী ফকিরের (৭০) বাড়ি ঝালকাঠির সেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে।

বাবুই পাখির বাসা ধ্বংসের ঘটনার বর্ণনায় পরিবেশ মন্ত্রণালয় বলছে, গুয়াটন গ্রামে সরকারি জমিতে একটি তালগাছে বাসা বেধেছিল বাবুই পাখি। সেখানে পাখির ছানা ও ডিমও ছিল। স্থানীয় লোকজন অনুরোধ করলেও কিছু লোকজন সেটি না মেনে শুক্রবার গাছটি কেটে ফেলে। ফলে পাখির ৪৭টি বাসা, ৯৬টি ছানা ও ২৪টি ডিম ধ্বংস হয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য থানায় একটি মামলা করেন। বনবিভাগও এ ঘটনায় ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের নামে মামলা করে। পরে পুলিশ মোবারক আলী ফকিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

কেটে ফেলা তালগাছটির জায়গায় আরেকটি তালগাছের চারা লাগিয়েছে বনবিভাগ। 

পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, “ভবিষ্যতে এ ধরনের বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”