২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড দেয় আদালত

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 06:37 PM

Updated : 21 Aug 2022, 06:37 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আট বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার চড়ুইবিল গ্রাম থেকে শনিবার রাতে দিদাউর লস্কর (৪০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে শৈলকুপার থানার এসআই আমির হোসেন জানান।

দিদাউর উপজেলা রাজনগর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

এসআই আমির হোসেন বলেন, ২০১২ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিলা খাতুনকে হত্যা করেন দিদাউর। শিলার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই দিদাউর পলাতক ছিলেন।

স্ত্রীকে হত্যার দায়ে ২০১৪ সালে আদালত দিদাউরকে ফাঁসির আদেশ দেন।

এদিকে শুক্রবার শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রাম থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মশিউর রহমান তপুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শান্তিপাড়া গ্রামে।

এসআই আমির বলেন, ২০১২ সালে চুয়াডাঙ্গার একটি আদালত তপুকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা দেয়। এরপর ‘রুবেল’ নাম ধারণ করে তিনি সাতগাছি গ্রামে পালিয়ে ছিলেন।

তপুকে দর্শনা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও মাদক চোরাচালানের মামলা আছে।