২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই ডজন রামদাসহ ৪ ‘ডাকাত’ আটক

ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।

বরিশালে দুই ডজন রামদাসহ ৪ ‘ডাকাত’ আটক

বরিশালে ২৩টি রামদাসহ এই চারজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 11:48 PM

Updated : 23 Jul 2023, 11:48 PM

বরিশাল সদর উপজেলার চরমোনাই লঞ্চঘাট এলাকা থেকে ধারালো অস্ত্র ও ট্রলারসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাতে তাদের সোপর্দ করা হয় বলে রোববার জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

আটক চারজন হলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মেহেদী হাসান (১৮), একই এলাকার আরিফ মাঝি (২১), নাদিম মোল্লা (১৯) এবং মো. সুমন বেপারী (১৮)।

ওসি বলেন, “ডাকাতি করার জন্য দলটি নদী তীরে ট্রলারে অবস্থান নেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রলার ঘেরাও করে চারজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো ২৩ টি রামদাও উদ্ধার করা হয়। জব্দ করা হয় ব্যবহৃত ট্রলারটিও।”

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।

আটক দলটির সদস্য আগেও ডাকাতির সঙ্গে জড়িত ছিল জানিয়ে পুলিশ বলছে, এদের মধ্যে দুজনের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের (উত্তর) চেয়ারম্যান জামাল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক চারজন এলাকায় চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।