Published : 09 Aug 2025, 08:27 PM
ফরিদপুর জেলা শ্রমিক লীগের এক নেতাকে ঢাকার পল্লবীতে আটকের পর মারধর করে পুলিশের সোপর্দ করেছে জনতা।
শনিবার সকালে তাকে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে পল্লবীতে জনতার রোশানলে পড়েন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। রাতেই তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন। তার বোন মাহমুদা বেগম জেলা মহিলা লীগের সভাপতি।
ওসি আসাদুজ্জামান বলেন, ঢাকায় নাসিরকে আটকের খবর পেয়ে পল্লবী থানায় যোগাযোগ করে তাকে ফরিদপুরে নেওয়া হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা মামলায় নাসিরকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদোলতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলে জানান তিনি।
ফরিদপুর আদালত পুলিশের পরিদর্শক নাজনীন খানম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার ঘটনার মুজাহিদুল ইসলামের করা মামলার আসামি ছিলেন শ্রমিক লীগ নেতা নাসির।
ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে নাসিরকে তোলা হলে বিচারক আসিফ এলাহী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
শ্রমিক লীগ নেতা নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগসহ স্থানীয় কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। ৫ অগাস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।