Published : 12 Jul 2026, 08:34 PM
পঞ্চগড়ে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে তার মরদেহ পঞ্চগড়ে নেওয়া সম্ভব না হওয়ায় স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয় বলে জানান তার ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
রোববার দুপুর আড়াইটায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মাঠে এ জানাজা হয়। জানাজায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সূফী, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বক্তব্য দেন।
বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পঞ্চগড়ের একজন কৃতী সন্তান ছিলেন। দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৮ মিনিটে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ ভবন সংলগ্ন জাতীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
১৯৬০ সালে আইন পেশায় যুক্ত হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পরিচিতি পান। জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হন এবং আমৃত্যু এ দায়িত্বে ছিলেন।
জমির উদ্দিন সরকার কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন।
আরও পড়ুন: