২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন

জমির বিরোধ সমাধানের জন্য উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছিল। এ ছাড়া গাজীপুর আদালতেও মামলা চলমান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 03:04 PM

Updated : 25 Dec 2022, 03:04 PM

জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার ভুবনেরচালা গ্রামে হামলার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি এফ এম নাসিম। 

নিহত ৬৫ বছরের মোতালেব হোসেন ভুবনেরচালা গ্রামের বাসিন্দা। 

ওসি এফ এম নাসিম জানান, মোতালেবের সঙ্গে প্রতিবেশি নুরুল ইসলামদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মোতালেব। 

খবর পেয়ে নুরুল ইসলাম লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এই নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোতালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। 

স্বজনেরা মোতালেবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি। 

কাপাসিয়া সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমীন পালোয়ান জানান, প্রায় ৭-৮ বছর যাবত জমি নিয়ে মোতালেবের সঙ্গে প্রতিবেশীর বিরোধ চলে আসছে। সমাধানের জন্য উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছিল। এ ছাড়া জমি নিয়ে গাজীপুর আদালতেও মামলা চলমান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, রাত ৮টার দিকে মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।