১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

পানিবন্দি হয়ে পড়েছেন তিন শতাধিক পরিবার।

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধে ভাঙন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধের ১০ ফিট ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দি হয়ে পড়েছেন তিন শতাধিক পরিবার।

শনিবার সকালে উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয় বলে জানান নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল।

স্থানীয়রা জানান, একই স্থানে গেল বছরও ভেঙে গিয়েছিল। মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে। এতে তালপাতিলা গ্রাম আশেপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে তলিয়ে গেছে। 

বেড়িবাঁধ ভাঙান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রবীর কুমার পাল বলেন, বর্তমানে আত্রাই নদীর পানি মান্দার জোট বাজার পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলস্টেশন পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সকাল থেকে পানি কমতে শুরু করেছে।

এ ছাড়া ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।