১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

ওই শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয় বলে ভিসেরা প্রতিবেদনে জানিয়েছে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস ফর সাজিদ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, প্রশাসন কী করে’, ‘দোষীদের ফাঁসি চাই’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “একটি বিশ্ববিদ্যালয় কতটা অনিরাপদ হলে একজন শিক্ষার্থীকে ক্যাম্পাসেই ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়! অথচ প্রশাসন এখনও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি, বিচার তো অনেক দূরের কথা।”

‘রাবিস্থ মিল্লাত পরিবারের’ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে হত্যা করা হলেও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল সময়ক্ষেপণ করছেন। আমরা দ্রুত বিচার এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই; তা না হলে দেশজুড়ে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হবে।”

সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, “ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থী যাতে এমন নির্মমতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হলে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার অপরিহার্য।”

এর আগে ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ১০৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাজিদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা।

ঘটনার ১৭ দিন পর রোববার সাজিদের মৃতদেহের ভিসেরা প্রতিবেদন দিয়েছে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়। প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছিল।