২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই মাংস অসুস্থ স্বামী আর দুইটা ছাওয়াসহ খামো’

কেউ যখন জিজ্ঞেস করেন, “মাংস হইছে?” তখন গেটের ওপার থেকে উত্তর আসে, “হয় নাই, পরে, বিকালে আসেন।”

আফতাবুজ্জামান হিরু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 01:02 AM

Updated : 02 Jul 2023, 06:00 PM

ঈদে দরিদ্রদের মধ্যে বিতরণ করা মাংস তুলতে রংপুর নগরীর ধাপ এলাকায় এসেছেন বেশকিছু দরিদ্র নরনারী। সকাল থেকে তারা এবাড়ি-ওবাড়ি ঘুরে মাংস চেয়ে নিচ্ছেন। 

কেউ যখন জিজ্ঞেস করেন, “মাংস হইছে?” তখন গেটের ওপার থেকে উত্তর আসে, “হয় নাই, পরে, বিকালে আসেন।” 

অবশ্য এই  মানুষগুলো নিরাশ হলেও হাল ছাড়েন না। হাঁটতে শুরু করেন পরের বাড়ির গেটের উদ্দেশে। 

কোরবানি দেওয়া পশুর মাংস অনেক নিম্ন আয়ের মানুষের মাংস খাওয়ার একমাত্র উৎস। তাই এই দিনটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও মাংস তুলতে বের হন তারা। 

নীলফামারীর গাড়াগ্রাম মাগুরা এলাকার থেকে এসেছেন আফছার আলী (৫৫) ও রহিমা বেগম (৪০)। দুপুরে তাদের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

স্ত্রী আর দুই ছেলে মিলে সংসার আফছার আলীর। আজ ভোরে নীলফামারী থেকে রংপুরের উদ্দেশে রওনা করেছেন মাংসের সন্ধানে। তার আগে খেয়ে এসেছেন গতকাল রান্না করা পানতা ভাত, আর আলুভর্তা। 

মাংস নিতে কেন বের হয়েছেন জানতে চাইলে আফছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কোরবানির ঈদে একবার গরুর মাংস খেয়েছি। এরপর আর কেনার সামর্থ্য হয়নি, খাওয়া হয়নি।

বাবা আমি রঙেরও কাজ করি; একদিন হয় তো সাত দিন নাই, ভাতে খাবার পাই না আবার মাংস খাবো কোটে থেকে?” 

এরপর কথা হয় রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, “আব্বুরে হামিরা তো একেবারেই গরিব মানুষ। এই যে দেখেনছোল এবার গোস্ত খাবো; আর হামার মোখোত উঠপে কিনা তাতো কবার পাবান নই। কোরবানির ঈদ আইলে হামরা একনা মাংস খাবার পাই।” 

বাড়ি কোথায় জিজ্ঞেস করলে তিনি বলেন, “বাবারে হামরা আজ সকালে নীলফামারী মাগুরা থেকে আসছি মাংস তোলার জন্য। এই মাংস নিয়ে যেয়ে হামার অসুস্থ স্বামী আর দুইটা ছাওয়াসহ খামো।”

কথা হয় নগরীর স্টেশন এলাকার আদুরী বেগম ও রমিজা খাতুনের সঙ্গে। 

আদুরী বলেন, “দিনোত খাইলে রাইতোত খাই না অভাবী সংসার।

তিন হাজার টাকা ঘর ভাড়া দেই, এরপর আর বাজার করার জন্য কয় টাকা হাতে থাকে কন? জিনিসপত্রের যে দাম! মাংস কিনব ক্যামনে? ৮০০ টাকা কেজি।” 

এমন গল্প করতে করতে পরের বাড়ির গেটে গিয়ে জানা গেল আরও আধা ঘণ্টা অপেক্ষা করলে তারপর মিলতে পারে মাংস। 

আদুরী বেগম ও রমিজা খাতুন সিদ্ধান্ত নিলেন, এই আধাঘণ্টা ফুটপাতে বসে অপেক্ষা করবেন। 

আদুরী বেগম বের হয়েছেন বেলা ১১টার দিকে। এরপর দেড় ঘণ্টার মতো পেরিয়ে গেছে। ৬০-৭০টি বাড়িতে ঘুরেছেন। কোরবানির মাংস কুড়াতে এসেছেন অনেকেই। 

বলতে বলতে গলা ধরে এলো আদুরীর। চোখের কোণে পানির কয়েক ফোঁটা বাঁধ ভেঙে বেরিয়েও এলো। এরা কেউ কাউকে আগে থেকে না চিনলেও ঈদের এই মাংস সংগ্রহে এসে পরস্পরের যেন নিকটাত্মীয় হয়ে গেছেন। কষ্টে থাকলে মুখ দিয়া ‘আও’ (আওয়াজ) আহে না। 

“মাংস পামু কই? মাংস পাইলে কি আর তুলবার আইছি?” বলেন আদুরী।

রমিজা থাকেন নগরীর হনুমনতলা বস্তিতে। পাঁচ ছেলে-মেয়ে নিয়ে সংসার তার। পেশায় দিনমজুর স্বামী আর ছোট ছেলেকে নিয়ে মাংস কুড়াতে বেরিয়েছেন। 

বেলা প্রায় ‘টার দিকে কতটুকু পেয়েছেন জিজ্ঞেস করলে সঙ্গে করে নিয়ে আসা নীল রঙের পলিথিন ব্যাগটি তুলে ধরে বলেন, “টুপলা (ব্যাগ) খালি। যেনে যাই, হেনেই খালি কইতেসে পরে পরে পরে।” 

সন্ধ্যা পর্যন্ত থাকার পরিকল্পনা আছে তার। রমিজা বলেন, “দেখি আল্লাহ কতক্ষণ রাখায়। বলতে পারি না কে কোন সময়  দেয়, যেখানে দেয়া ধরবো, ওইখানেই দৌড় দিমু। হাঁইটা হাঁইটা জানা লাগবো কুন জায়গায় দেয়। এই যেমন এই বাসায় আইছি বলছে পরে। ওই পরের আশা কইরা আরেক জায়গায় যাই। আরেক জায়গায় গেলেও পরে। এইরকম করতে করতে যে জায়গায় গিয়া কপাল ঠেকে।” 

রমিজার আশা, দিন শেষে আধা কেজি থেকে এক কেজির মতো মাংস হয়তো জোগাড় করতে পারবেন। আর সেই মাংস বাসায় নিয়ে যাওয়ার পরই বাচ্চারা ঈদে মাংসের স্বাদ পাবে। 

নগরীর বিভিন্ন এলাকা থেকে ধাপ এলাকায় মাংস তুলতে এসেছেন অনেকে। 

আদুরী বেগম ও রমিজা খাতুনের সঙ্গে কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই আরেকটি দলেআসে যারা মাংস কুড়াচ্ছেন। ৫-৬ জন নারী আর ৪-৫ জন পুরুষের এই দলটি বেশ বড়। কেউ কাউকে না চিনলেও দলবদ্ধ হয়েই মাংসের সন্ধান করছেন তারা।

এই দলটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয়। এর মধ্যে কয়েকজন নারী রয়েছেন। তারা জানালেন, সকাল ৯টার দিকে বেরিয়েছেন তারা। এরই মধ্যে এদের কয়েক জন আধা কেজি থেকে শুরু করে পৌনে এক কেজির মতো করে মাংস পেয়েছেন। 

এই দলটির বেশিরভাগেরই বিভিন্ন বস্তির মানুষ। এদের মধ্যে একজন শেফালী বেগম। 

সকাল ৯টায় এসে বেলা দেড়টা পর্যন্ত অনেকগুলো বাড়ি ঘুরেছেন জানিয়ে বলেন, প্রায় আধাকেজির মতো মাংস পেয়েছেন তিনি। দিন শেষে দুই-তিন কেজির মতো পান বলে জানালেন। সবটুকু মাংসই নিজেদের জন্য রেখে দেন শেফালী।

“পোলাপাইনে খাইতে চায়। না হইলে ঈদে ভাত খাইতে চায় না,” বলেন শেফালী। 

সকালে শুধু সেমাই ছাড়া কিছু রান্না করেননি জানিয়ে বলেন, “বাজারের টাকা পয়সা তো থাকা লাগবো রে বাবা, আমরা তো গরিব মানুষ। গরিব মানুষ না হইলে কি রাস্তায় বাইর হইয়া আসি?” 

কথা বলতে দেখে সামনে এগিয়ে আসলেন আনোয়ারুল ইসলাম। পেশায় তিনি রিকশাচালক। তার হাতের সাদা চটের ব্যাগটি তখনও খালি। ঈদ আসলেও পরিবারের জন্য মাংস বা অন্য কোনো বাড়তি বাজার করতে পারেননি তিনি। বাবা-মা, ভাই-বোন আর স্ত্রী সন্তান নিয়ে আট-নয় সদস্যের পরিবার চলে তার একার আয়ে। শেষ কবে গরুর মাংস খেয়েছেন সেটা বেশ কষ্ট করেই মনে করতে হলো তার।

মাংস কেন কেনেন না জানতে চাইলে তিনি বলেন, “সাতশ, সাড়ে সাড়ে সাতশ টাকা কেজি। আমগো মতো রিশকা চালায় যারা তারা কি কিনতে পারবো?” 

আরেক রিকশাচালক রহিম উদ্দিন বলেন, জীবনে প্রথমবার মাংস তুলতে বের হয়েছেন তিনি। বাজারের যে পরিস্থিতি, সব জিনিসপত্রের দাম বেশি, তার সঙ্গে পাল্লা দিয়ে সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে তার। 

এক ছেলে আর এক মেয়ের সংসারের এই ঈদে বাচ্চাদের সেমাইও মুখে তুলে দিতে পারেননি বলে জানান। “সিমাইও জোটেনি, সিমাই – তাও জোটেনি। কথা বুঝতে পারছেন? কষ্টে... যার কারণে বের হইছি এখন। এক কেজি গোশ কিনতে গেলে ৭০০-৭৫০ টাকা লাগবে। আমরা যারা রিশকা চালাই, তাদের কাছে তো আর সম্ভব না, বড়লোকরা যদি হেল্প না করে।”