২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সব পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা

“পূজায় কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বগুড়ার সব পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 01:03 AM

Updated : 11 Oct 2023, 01:03 AM

দুর্গা পূজায় সব মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেছেন, “অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নাশকতা চালানো হয়। এসব প্রতিরোধে কঠোর নিরাপত্তাসহ নজরদারি করা হবে। কেউ পূজায় কিছু করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

মঙ্গলবার সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুসংহত রাখতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের এক সমাবেশে জেলা প্রশাসক এসব কথা বলেন। সেখানে জানানো হয়, এ বছর জেলায় ৭০৭টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে। 

জেলা প্রশাসক বলেন, “যদি কোনো পূজা মণ্ডপের আয়োজকদের সিসি ক্যামেরা লাগানোর সুযোগ না থাকে তাহলে সেই মণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু।