২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পণ্য নষ্টের শঙ্কা

পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পণ্য নষ্টের শঙ্কা
টানা দুই দিনের ভারি বৃষ্টিপাতে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

টানা দুই দিনের ভারি বৃষ্টিপাতে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমদানি-রপ্তানি প্রক্রিয়া ব্যাহতের পাশাপাশি পণ্য খালাস করতে পারছেন না ব্যবসায়ীরা।

দ্রুত পানি নিষ্কাশন না হলে এবং বৃষ্টির মাত্রা বাড়লে শেডের (গুদাম) মধ্যে পানি ঢুকে কোটি কোটি টাকার আমদানি করা পণ্যের ক্ষতি হতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

রোববার রাত থেকে ও সোমবার সারাদিন একনাগাড়ে বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার।  

বন্দরে গিয়ে দেখা গেছে, স্থলবন্দরের ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর শেডে বৃষ্টির পানি থৈ থৈ করছে। খোলা আকাশের নিচে যেসব মালামাল রাখা আছে, সেগুলো বৃষ্টির পানিতে ভাসছে। 

পাঁচ দিন আগের বৃষ্টির পানি রেলওয়ে মাটি কেটে বের করে দেওয়া হলেও সেখান থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে। গোটা বন্দরের পানি নিচু জায়গায় জমে যাওয়ায় দ্রুত নিষ্কাশন হতে পারছে না।

এদিকে ৯ জুলাই বন্দরের পানি নিষ্কাশনের জন্য ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তাতে কোনো সমাধান মেলেনি। তাদের বক্তব্য, জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়।

তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দরে অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থলবন্দরে অনেক স্থানে পানি জমায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। 

পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে বন্দরে হাঁটু পানিতে কয়েক বছর ধরে এমন দুর্ভোগ হলেও বন্দর কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের।

তারা বলছেন, বেনাপোল বন্দরে ভারত থেকে বছরে ২২ থেকে ২৪ লাখ টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। এসব পণ্য রক্ষণাবেক্ষণে বন্দরে ৩৩টি শেড ও তিনটি ওপেন ইয়ার্ড ও একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড আছে। আকারে ছোট পণ্যগুলো রাখা হয় শেডে এবং বড় পণ্য রাখা হয় ওপেন ইয়ার্ডে। 

তবে এসব শেড ও ওপেন ইয়ার্ডের অধিকাংশই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে তৈরি হয়নি। বন্দর সড়কের উচ্চতার চেয়ে পণ্যগারগুলো নীচু হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিতে ভিজে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি চলাচলের বিঘ্ন ঘটে। এ অবস্থা থেকে উত্তরণে বিভিন্ন সময় ব্যবসায়ীরা বন্দর কর্তৃপক্ষের শরণাপন্ন হলেও গুরুত্ব নেই তাদের।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছে না। সরকার রাজস্ব হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা। কাজ করতে না পেরে শ্রমিকদের বসে থাকতে হচ্ছে। 

দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান এই শ্রমিক নেতা।

বেনাপোল বন্দরের ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এর আগে কয়েকটি শেডে পানি ঢুকে অনেক আমদানিকারকের লাখ লাখ টাকার মালামাল ভিজে নষ্ট হয়েছে। 

প্রতিবছর বন্দরের ভাড়া বাড়লেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। অধিকাংশ অবকাঠামোয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া তৈরি হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে না।

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বন্দরের এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হকের।  

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ীরা একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের বৃহৎ বাণিজ্যিক স্থাপনায় বছরের পর বছর এই দুর্দশা চললেও সরকার কোনো পদক্ষেপ না নেওয়া দুর্ভাগ্যজনক।

অথচ সরকার এই বন্দর থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে বলে জানান এই ব্যবসায়ী নেতা।

স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ৯ জুলাই মেশিন দিয়ে মাটি কেটে বন্দর এলাকা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। গত ২৪ ঘণ্টা একটানা ভারি বৃষ্টিতে আবার পানি জমে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, “পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। এরসঙ্গে কয়েকটি সরকারি সংস্থা জড়িত। যার যার প্রতিষ্ঠান থেকে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। রেলওয়ে তাদের নিজস্ব তদারকিতে এবং কাস্টমসও তাদের মত পানি নিষ্কাশন করবে।”

তবে স্থায়ী কোনো প্রকল্প হাতে না নেওয়া পর্যন্ত এই সমস্যার সঠিক সমাধান সম্ভব নয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের এই কর্মকর্তা।