জয়পুরহাটে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
২০২১ সালের ২২ এপ্রিল পুলিশ এক হাজার ৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ রব্বুল ও রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়পুরহাটে মাদক বহনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডিতরা হলেন- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের রব্বুল মণ্ডল, রিপন মিয়া এবং মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছেন।
পিপি বলেন, ২০২১ সালের ২২ এপ্রিল ভারত সীমান্ত থেকে মাদক পাচার করে কয়েকজন কারবারী ওই এলাকার দিকে আসছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এক হাজার ৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ রব্বুল ও রিপনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, এসময় মাহাবুল পালিয়ে গেলে পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ একটি মামলা করে। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়।
এছাড়া আরেকটি ধারায় তিনজনকেই ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
