সরবরাহ বাড়ায় বগুড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫০ টাকা
ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে, তাই দাম কমে গেছে।
বগুড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা কমছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে, তাই দাম কমে গেছে।
সোমবার রাজাবাজার, ফতেহ আলী বাজার ও রেল লাইনের ওপরের বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারিতে নতুন দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা গত দুদিন আগেও ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এছাড়া পুরোনো দেশি পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে; যা গত দুদিন আগে ছিল ১৯০ থেকে ২০০ টাকা।
পেঁয়াজ ব্যবসায়ী আব্দুর রশীদ বলেন, এক রাতের মধ্যে দাম বেড়েছিল। আজ সরবরাহ বেড়েছে তাই কমেছে। কাঁচামালের দাম এভাবেই ওঠা-বাড়া করে। তবে এতে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। গতকাল বেশি দামে কেনা পেঁয়াজ আজ কম দামে বিক্রি করতে হচ্ছে।”
এদিকে, তরকারি রান্নার অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
আনোয়ার পারভেজ নামে এক ক্রেতার দাবি, বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে; এতে সবাই উপকৃত হবেন।
বগুড়ার রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ ও দেশীয় পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে পেঁয়াজের দাম বেড়েছিল। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে।
আরও পড়ুন:
