২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিদপ্তরের অভিযানে পেঁয়াজের দাম কমল নরসিংদীতে

“মূল্য তালিকার সঙ্গে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরও দুটি দোকানে এক হাজার করে দুই হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 03:26 PM

Updated : 12 Dec 2023, 02:25 PM

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে খবরে দেশের অন্য স্থানের মতো নরসিংদীতেও বেড়েছিল পেঁয়াজের দাম। তবে ভোক্তা অধিকারের অভিযান শুরুর পর তা আবার নেমেছে।

জেলার প্রধান পাইকারি ও খুচরা বাজার নরসিংদী বড় বাজারে সোমবার দুপুর থেকে পুরানো পেঁয়াজ কেজিতে ১৭০ টাকায় ও নতুন পেঁয়াজ কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার জারি করা এ আদেশ শুক্রবার থেকেই কার্যকর করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা পেরুতেই পেঁয়াজের দাম দুইশো টাকা ছাড়িয়ে যায়।

নরসিংদীর বিক্রেতারা বলছেন, বাজারে নতুন পেঁয়াজের আমদানি এবং বাজার মনিটরিং শুরু হওয়ায় তিনদিনের ব্যবধানে আবার কমতে শুরু করেছে দাম।

দুপুরে নরসিংদী বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মূল্য তালিকার সঙ্গে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরও দুটি দোকানে এক হাজার করে দুই হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি দুই কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া একই সময়ে নরসিংদী বড় বাজারে পেঁয়াজের আড়তে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও খুচরা বাজার মনিটরিং করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।

মেহেদী বলেন, “বিক্রয় মূল্য তালিকা না রাখায় বাজারের খুচরা ও পাইকারি পেঁয়াজ বিক্রেতা ‘বাদশা ট্রেডার্সকে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও কোনো দেশের সরকারের অনুরোধে ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানির সুযোগ দিতে পারবে বলেও দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) আদেশে জানান হয়েছে।

তবে ইতোমধ্যে যারা পেঁয়াজ আমদানির এলসি চালু করেছেন, তাদের মধ্যে যারা আদেশ জারির আগেই পণ্য জাহাজিকরণ শুরু করেছেন, তারা এর আওতামুক্ত থাকবেন বলেও জানানো হয়।

নরসিংদী বড় বাজারের বিক্রেতারা সাজিল মিয়া বলেন, “ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবরে দুদিন ধরে নরসিংদীর খুচরা বাজারগুলোতে পুরাতন পেঁয়াজের দাম ২০০ টাকা থেকে বেড়ে ২১০-২০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়।

“আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। এতে ক্রেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়।”

বিক্রেতা সোহেল ইসলাম বলেন, “সোমবার সকাল থেকে নতুন ও পুরাতন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে খুচরা ও পাইকারি বাজারগুলোতে। দাম কমে পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা ও নতুন পেঁয়াজ ১৩০-৪০ টাকা কেজিতে।”

নরসিংদী বড়বাজারের ক্রেতা উদয় দাস বলেন, “পুরোদমে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে বলে আশা করছি।”

রাজু নামের আরেক ক্রেতা বলেন, “পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করা দরকার।”