জয়পুরহাটে ‘ম্যাজিস্ট্রেট দেখেই পেঁয়াজের দাম কমল’ কেজিতে ৮০ টাকা
তরকারি রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি কিনতে গিয়ে সারা দেশের মত জয়পুরহাটেও হোঁচট খাচ্ছেন ক্রেতারা।
জয়পুরহাট শহরের বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। তরকারি রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ২০০ টাকায় বিক্রি করছিলেন।
সোমবার সকালে শহরের নতুনহাট বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে আদালতের সঙ্গে থাকা জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় জানান।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মিজানুর রহমান।
নতুনহাটে পেঁয়াজের পাইকারি বিক্রেতা জিয়াউর রহমান বলেন, “ভারত পেঁয়াজ বন্ধ করল বলেই তো দাম বাড়ছে। সে কারণে আমার ১ হাজার টাকা জরিমানা হলো, কী আর কবো ভাই।”
এছাড়া তরিতরকারি ব্যবসায়ীদের মধ্যে জয়পুরহাট জেলা শহরের সাহেব বাজারের (মাছ বাজার) আবু কালাম, পূর্ব বাজারের আব্দুল লতিফসহ অনেকে জানান, ভ্রাম্যমাণ আদালত নামার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম কমেছে, তাই তারা কম দামে বিক্রি করছেন। দাম কম-বেশিতে তাদের কোনো হাত নেই বলেও দাবি এ খুচরা ব্যবসায়ীদের।
এদিকে ২০০ টাকার পরিবর্তে ১২০ টাকা কেজি দরে বিক্রি শুরু হওয়ায় ক্রেতার পেঁয়াজ কিনতে ওই বাজারের দোকানে দোকানে ভিড় করেন।
বৃষ্টির কারণে ক্ষেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়।
এ অবস্থায় তরকারি রান্নার অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি কিনতে গিয়ে সারাদেশের মত জয়পুরহাটেও হোঁচট খাচ্ছেন ক্রেতারা।
তবে প্রশাসনের উদ্যোগে দাম কিছুটা কমেছে বলে জানান কয়েকজন ক্রেতা।
জয়পুরহাট জেলা শহরের পাটারপাড়া মহল্লার শফিকুল ইসলাম, কবিরাজপাড়া এলাকার সাদ্দাম হোসেনসহ কয়েকজন বলেন, জেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকলে শুধু পেয়াঁজ বা আলু নয়, সব জিনিসের দামই কমবে।
বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কৃষি বিপণন বিভাগ, কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের হাকিমদের নির্দেশ দেওয়া হয়েছে।
“কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রসিদ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।”
