২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১৩ পুলিশ

নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে পুলিশ পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। আর ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

সিলেটে ট্রাক-পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১৩ পুলিশ

ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 11:16 AM

Updated : 06 Apr 2023, 11:16 AM

সিলেটের গোয়াইনঘাটে ট্রাক, পুলিশের পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত ও ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনাটি ঘটে বলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক শ্যামল বণিক জানান।

নিহত পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে এবং বিক্রম (৩০) নগরীর চালিবন্দর এলাকার বিপুল চন্দ্র মণ্ডলের ছেলে। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

এ ঘটনায় আহত মোটরসাইকেলের আরেক আরোহী ফয়সল (৩০) বিআইডিসি সূচনা কমিউনিটি সেন্টার এলাকার ফারুক মিয়ার ছেলে।

পরিদর্শক শ্যামল জানান, রাতে পুলিশের পিকআপটি কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। পথে মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলের আরোহী পুলক। আহত হন পুলিশ পিকআপের ড্রাইভারসহ অন্তত ১৩ পুলিশ সদস্য ও মোটরসাইকেলের আরও দুই আরোহী।

Image

দুর্ঘটনাকবলিত পুলিশ পিকাপ।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী বিক্রম মারা যান।

পরিদর্শক শ্যামল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পর ট্রাকটি ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।