২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি ভোটে ‘প্রতারক চক্র’ নিয়ে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

নির্বাচন কমিশনের কর্মকর্তা সেজে হোয়াটসঅ্যাপে ফোন করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের।

রাজশাহী সিটি ভোটে ‘প্রতারক চক্র’ নিয়ে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

রাজশাহী নগরী

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 01:00 PM

Updated : 10 Jun 2023, 01:00 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতারিত করার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। এই চক্র থেকে প্রার্থীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

চক্রটি নির্বাচন কমিশনের কর্মকর্তা সেজে কাউন্সিলর প্রার্থীদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে। আর তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনের হুমকিও দেওয়া হচ্ছে বলে এক কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগটি আমলে নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলীকে বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইলের হোয়াটসঅ্যাপে ফোন করা হয়।

ফোনে ‘প্রতারক’ নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান পরিচয় দিয়ে প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

আহসান হাবিবের ছবি ব্যবহার করা ওই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ‘প্রতারক’ জানায়, তার কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।

এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে একটি মোবাইল নম্বর দিয়ে জানায়, এই নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। প্রতারক ওই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেয়। যোগাযোগ না করলে তারা নির্বাচনের ফলাফল পালটে দেওয়ার হুমকি দেয়।

তবে আরমান আলী হুমকি পাত্তা দেননি। পরে ৮টা ৩৮মিনিটে এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়।

এক পর্যায়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

পরে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানে তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নির্বাচন কমিশন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এটি প্রতারক চক্রের কাজ।

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আরও জানান, “অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

পুরনো খবর:

উচ্চ থেকে স্বল্প শিক্ষিত সবার কর্মসংস্থান করতে চান লিটন
রাজশাহী নগরীতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে চান হাতপাখার প্রার্থী
প্রতীক নিয়ে প্রচারে রাজশাহীর প্রার্থীরা
রাজশাহীতে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়ন জমা