২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

২০১৯ সালে এ মামলা দায়ের করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 04:12 PM

Updated : 08 Nov 2022, 05:14 PM

খুলনার সোনাডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ছয়জনকে মত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল এর বিচারক আব্দুস সালাম খান মঙ্গলবার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোরশেদুল ইসলাম শান্ত ওরফে শান্ত বিশ্বাস, শেখ শাহাদাত হোসেন, রাব্বি হাসান পরশ, মাহমুদ হাসান আকাশ, কাজী আরিফুল ইসলাম প্রীতম ও মো. মীম বিশ্বাস।

তাদের মধ্যে শান্ত, শাহাদাত ও প্রীতম পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাদের ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।

একই মামলায় আরও চার আসামিকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।)

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফরিদ আহমেদ জানান, ২০১৯ সালের ২৯ জুন বিকালে শান্ত বিশ্বাস পূর্ব পরিচিত ওই ছাত্রীকে তার নগরীর ডালমিল মোড়ের বি কে রায় রোডের বাসা থেকে ডেকে আনে।

পরে শান্ত মেয়েটিকে নগরীর বিহারী কলোনি মোড়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে পরদিন নয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

তদন্ত শেষে সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক ২০১৯ সালের ১১ নভেম্বর দশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ৩০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।