মীর মশাররফ হোসেন হল ‘ঐতিহ্য’ হিসেবে রাখার চিন্তা: জাবি উপাচার্য
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় হলটি ভেঙে ফেলার সুপারিশ করেছে রাজউক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলটি না ভেঙে ঐতিহ্য হিসেবে ধরে রাখার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যদিও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় হলটি ভেঙে ফেলার সুপারিশ করেছে রাজধানী নগর উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
মীর মশাররফ হোসেন হলটি ১৯৭৩ সালে প্রজাপতির আদলে নির্মাণ করা হয়। এটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রদের জন্য নির্মিত দ্বিতীয় আবাসিক হল।
চারতলা বিশিষ্ট হলটিতে কক্ষ আছে ৪৯০টি; যার মধ্যে ১ আসন বিশিষ্ট ২৬৪টি আর দুই আসনের কক্ষ ২২৬টি।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রাজউকের তত্ত্বাবধানে পরিচালিত ‘আরবান রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় পরিচালিত ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন বিবেচনায় গত ১২ মার্চ এক সভায় হলটি ভাঙার সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মীর মশাররফ হোসেন হলের মতো দৃষ্টিনন্দন হল এখন পর্যন্ত নির্মিত হয়নি। রাজউক এটাকে ভাঙতে বললেই তো আর ভাঙা যায় না।
“হল ভাঙার ব্যাপারে আমাদের ভাবতে হবে। ঐতিহ্য হিসেবে আমরা হলটিকে রেখে দিতে চাই। হলটি দর্শনীয় স্থান কিংবা জাদুঘরও হতে পারে।”
তিনি আরও বলেন, “সাত দিনের মধ্যে হলটি খালি করতে বলেছে রাজউক। হঠাৎ খালি করে হলের আট শতাধিক শিক্ষার্থীকে আমরা কোথায় রাখব?
“বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা করব, আমার একার সিদ্ধান্তে তো আর সব কিছু হবে না।”
উপাচার্য বলেন, “ইতিমধ্যে আমরা বিশেষজ্ঞ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাদের মতামতের ভিত্তিতে হল ভাঙা বা না ভাঙার বিষয়ে কী করা যায় সে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে হলটি না ভেঙে এটিকে ঐতিহ্য হিসেবে রাখার পক্ষে মত দেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
