মেঘনায় ডাকাতের দায়ের কোপে জেলের মৃত্যু, আহত ছেলে
পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।
মুন্সীগঞ্জে মেঘনার মোহনায় মাছ ধরার সময় ডাকাতের হামলায় এক জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতের দায়ের কোপে ওই জেলের ছেলেও আহত হয়েছেন, তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার কালীচরের কাছে মেঘনার মোহনায় আধারায় এ ঘটনা ঘটেছে।
নিহত নরুল ইসলাম হাওলাদার (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ আলীর (২৩) বাড়ি ওই আধারা এলাকাতেই।
পুলিশ সুপার বলেন, বাবা ছেলে জাল দিয়ে নৌকায় মাছ ধরছিলেন, সেময় আরেকটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ১০/১২ জন ‘ডাকাতের’ একটি দল তাদের নৌকায় উঠে আসে।
“বাবা-ছেলে বাধা দিলে ডাকাতরা দা দিয়ে মাথায় আঘাত করে। তাতে ঘটনাস্থলেই জেলে নুরুল ইসলাম নিহত হন। দায়ের কোপে আহত হন ছেলে আলী। তার ডান হাতে দায়ের কোপ লাগে। এরপর মাছ ও জাল লুট করে নিয়ে চলে যায় ডাকাত দল।“
পরে বাবার মৃতদেহ নিয়ে নৌকা চালিয়ে তীরে আসেন আলী। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছ লুট হওয়া জালের দাম প্রায় ৫৫ হাজার টাকা।
নুরল ইসলামের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার আদিবুল ইসলাম।
